লিগ মাঠে গড়ানোর আগে কোয়ারেন্টাইনে জার্মান ক্লাব

আপডেট : ১০ মে ২০২০, ১২:১৮ পিএম

করোনা সংকট অনেকটা কাটিয়ে ওঠায় ১৬ মে থেকে জার্মানির শীর্ষ দুই লিগের খেলা ফের মাঠে গড়ানোর কথা। কিন্তু ভেস্তে যেতে পারে এই পরিকল্পনা। কেননা দুজন খেলোয়াড় করোনায় আক্রান্ত হওয়ায় জার্মানির দ্বিতীয় সারির ক্লাব ডায়নামো ড্রেসডেনের পুরো দলই এখন কোয়ারেন্টাইনে।

বুন্দেসলিগা-২ এ খেলা ক্লাবটির ওয়েবসাইটে জানানো হয়েছে, শুক্রবার তাদের খেলোয়াড়দের করোনাভাইরাস টেস্ট হয়। তাতে দুজন খেলোয়াড়ের টেস্ট পজিটিভ আসে। এই খবর পাওয়ার পর পুরো দলকেই কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।

ডায়নামো ড্রেসডেন পক্ষ থেকে বলা হয়েছে, কোয়ারেন্টাইনের কারণে তারা ২৬তম ম্যাচ ডে’র দিন লোয়ার স্যাক্সোনিতে অ্যাওয়ে ম্যাচ খেলতে যেতে পারবে না। সেখানে আগামী শনিবার হানোভার-৯৬ এর সঙ্গে মুখোমুখি হওয়ার কথা ছিল ড্রেসডেনের।

সরকার থেকে সবুজ সংকেত পাওয়ার পর শীর্ষ দুই লিগ বুন্দেসলিগা ও বুন্দেসলিগা-২ এর খেলা শুরু করার ঘোষণা দেয় লিগ কর্তৃপক্ষ। এর আগে উভয় লিগের সব ক্লাবের খেলোয়াড়, কোচ ও অন্যান্য স্টাফদের করোনাভাইরাস পরীক্ষা করা সম্পন্ন করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দুই লিগের মোট ১ হাজার ৭২৪ জন খেলোয়াড় ও স্টাফের করোনা পরীক্ষা করেছে। এতে ১০ জনের টেস্ট পজিটিভ এসেছে।

ডায়নামো ড্রেসডেন কোয়ারেন্টাইনে গেলেও লিগ শুরুর সিদ্ধান্তে অনড় জার্মান লিগ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী ক্রিস্টিয়ান সেইফার্ট, “সেকেন্ড ডিভিশনের লিগে এখনো ৮১টি ম্যাচ খেলার বাকি। এই মুহূর্তে ডায়নামো ড্রেসডেনের দুটি ম্যাচ খেলা হবে না। কিন্তু আমরা মৌসুম শেষ করার লক্ষ্য পরিবর্তন করছি না।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত