মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল মান্দ্রা গ্রামে রোববার অভিযান চালিয়ে বসত ঘরের খাটের নিচ থেকে বস্তাভর্তি ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। বেলা ১১ টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওই গ্রামের শাহ আলম সারেংয়ের বাড়িতে অভিযান চালায়। তবে বাড়ির মালিক শাহ আলমকে আটক করতে পারেননি অধিদপ্তরের টিম।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক এসএম সাকিব জানান, গোপণ সংবাদের ভিত্তিতে ভাগ্যকুল মান্দ্রা গ্রামের শাহ আলমের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। এ সময় ওই বাড়ির বসত-ঘরের ভেতর তল্লাসি চালালে খাটের নিচে বস্তাভর্তি অবস্থায় ৬ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হন তারা।
তবে বাড়ির মালিক শাহ আলম সারেং পালিয়ে গেছে। সে ওই গ্রামের মৃত রাজ্জাক সারেংয়ের ছেলে। এ ঘটনায় শাহ আলম সারেংকে আসামী করে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
