কিশোরগঞ্জের কটিয়াদীতে পারিবারিক কলহের জেরে স্বামীর দায়ের কোপে রহিমা খাতুন (৪৭) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। গতকাল রবিবার ভোরে উপজেলার মসূয়া-মুন্সীপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় স্বামী রতন মিয়াকে (৫০) আটক করেছে পুলিশ। রতন মিয়া ওই এলাকার জমির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই রতনের সঙ্গে রহিমার মনোমালিন্য চলছিল। এরই জেরে রবিবার ভোরে ঘরে থাকা দা দিয়ে রহিমাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে রতন। এ সময় ছোট মেয়ে মারিয়া তার মাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও আহত করা হয়। পরে স্থানীয়রা খবর পেয়ে রতনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোনাহর আলী জানান, ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
নেত্রকোনায় নিজ ঘরে গৃহবধূর লাশ : নেত্রকোনা সদরে নিজ ঘর থেকে পপি আক্তার (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ভোরে পৌরসভার বাহির চাপড়া গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে স্বামী উজ্জ্বল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোনা মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, রবিবার সকালে এলাকাবাসীর খবরে ঘটনাস্থলে পৌঁছে ঘরের বিছানা থেকে পপি আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ জানা যাবে। আপাতত একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
