বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন মনমোহন সিং

আপডেট : ১১ মে ২০২০, ০৯:১০ এএম

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং অসুস্থ। বুকে ব্যথা অনুভব করায় রবিবার রাতে দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এইমস)  ভর্তি হয়েছেন তিনি।

সংবাদসংস্থা এএনআই-এর বরাত দিয়ে এই খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এই সময়।

প্রাথমিকভাবে জানা যায়, রবিবার রাত পৌনে ৯টার দিকে বর্ষীয়ান এই কংগ্রেস নেতাকে এইমসের কার্ডিয়ো-থোরাসিক বিভাগে আনা হয়। সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করা হয়।

বর্তমানে মনমোহন চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। আইসিইউ নয়, আপাতত কেবিনে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থার ওপর বিশেষজ্ঞ চিকিৎসকরা সর্বক্ষণ নজর রাখছেন।

৮৭ বছর বয়সী মনমোহন সিং দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভুগছেন। এর আগে ২০০৯ সালে দিল্লির একই হাসপাতালে তার বাইপাস হার্ট সার্জারি হয়।

সাবেক প্রধানমন্ত্রীর অসুস্থতার খবরে কংগ্রেস কর্মী-সমর্থকসহ বিভিন্ন মহল উদ্বেগ প্রকাশ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত