হোটেল-রেস্টুরেন্ট চালুর দাবিতে পঞ্চগড়ে হোটেল শ্রমিকদের বিক্ষোভ

আপডেট : ১১ মে ২০২০, ০৪:৩৯ পিএম

করোনাভাইরাস পরিস্থিতিতে দেশে লকডাউনের কারণে হোটেল-রেস্টুরেন্ট বন্ধ রয়েছে। এতে দীর্ঘদিন ধরে কর্মহীন থাকায় খাবার সংকটে পড়েছেন হোটেল শ্রমিকরা।

তাই হোটেল-রেস্টুরেন্ট চালু, নইলে শ্রমিকদের পর্যাপ্ত খাদ্যসামগ্রীর দাবিতে সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসককে স্মারকলিপিটি প্রদান করেন শ্রমিকরা।

স্মারকলিপিতে বলা হয়েছে, ৪৬ দিন ধরে কর্মহীন অবস্থায় পরিবার-পরিজন নিয়ে অর্ধাহারে অনাহারে দিন যাপন করছি। পঞ্চগড় পৌরসভায় এক হাজার শ্রমিকের মধ্যে মাত্র একশত শ্রমিককে গত ৭ এপ্রিল সামান্য কিছু ত্রাণ দিয়েছেন। পর্যায়ক্রমে সকল শ্রমিককে ত্রাণ সহায়তার আশ্বাস দিলেও কাউকে দেওয়া হয়নি।

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ৭৬০ কোটি টাকা শ্রমিকদের প্রণোদনা কর্মসূচি দ্রুত বাস্তবায়ন করা হোক। লকডাউন পর্যন্ত শ্রমিকদের খাবারের ব্যবস্থা করা হোক নতুবা হোটেল রেস্টুরেন্টগুলো খুলে দেওয়া হোক।

ঈদুল ফিতরের আগে বেতন ভাতা, খাওয়া ও ঈদ বোনাস প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি।

পঞ্চগড় জেলা হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল গণি জানান, জেলায় পাঁচটি সংগঠনের এক হাজার আটশ হোটেল শ্রমিক রয়েছে। কয়েকটি হোটেল মালিক পক্ষ ও সরকারিভাবে কিছু শ্রমিককে ত্রাণসহায়তা দিলেও অধিকাংশই এসব ত্রাণ থেকে বঞ্চিত রয়েছে। বর্তমানে এসব শ্রমিক পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে।

 জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন স্মারকলিপিটি গ্রহণ করে বলেন, সকল কর্মহীন মানুষকে ত্রাণ সহায়তা দেওয়া অব্যাহত রয়েছে। তবে স্মারকলিপির প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত