‘নিষিদ্ধ জালের বিরুদ্ধে সারা বছরই অভিযান চলবে’

আপডেট : ১২ মে ২০২০, ০২:১৮ এএম

কারেন্টসহ সব ধরনের নিষিদ্ধ জালের বিরুদ্ধে সারা বছরই অভিযান চালানো হবে বলে জানিয়েছেন নৌপুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম। গতকাল সোমবার নৌপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) ফরিদা পারভিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিআইজি আতিকুল বলেন, ‘জাটকা সংরক্ষণ অভিযান সারা বছরই চলে। যদিও এ অভিযান মার্চ ও এপ্রিল মাসে কঠোরভাবে চালানো হয়। তবে এবার জাটকা অভিযান শেষ হলেও বছরব্যাপী নিষিদ্ধ কারেন্ট ও অন্যান্য অবৈধ জালের বিরুদ্ধে অভিযান চলবে।’

তিনি আরও বলেন, এসব নিষিদ্ধ জাল উদ্ধারে পুলিশকে বরাবরই হিমশিম খেতে হয়। কারণ, একদিক থেকে উদ্ধারের কাজ শুরু হলেও আরেকদিক থেকে নতুন করে জাল ফেলা শুরু হয়। সহজ উৎপাদন, বিনিময় ও পরিবহণের কারণে একশ্রেণির মুনাফালোভী ব্যবসায়ীর মদদে জেলেদের হাতে পৌঁছে যায় এসব জাল। তাই জাল তৈরির কারখানাগুলোতেও অভিযান চালাচ্ছে নৌপুলিশ।’ 

এদিকে বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান করোনা পরিস্থিতিতে জনসাধারণের অবাধ চলাচল নিয়ন্ত্রণসহ নিষিদ্ধ জাল উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে নৌপুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত