মোদির কাছে শাহর বিরুদ্ধে ক্ষোভ জানালেন মমতা

আপডেট : ১২ মে ২০২০, ১১:১৩ এএম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিও কনফারেন্সের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা ও কথায় কথায় রাজ্যগুলোর দিকে সমালোচনার আঙুল তোলা নিয়ে চাঁচাছোলা ভাষায় কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন মমতা।

“আমি অমিত শাহকে সম্মান করি”, এই বলেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সোমবার তোপ দাগা শুরু করেন তিনি।

মমতাকে চিঠি লেখার পর সেই চিঠিরই একটি প্রতিলিপি সংবাদমাধ্যমের কাছে পাঠিয়েছিলেন তা নিয়েই অমিত শাহকে রীতিমতো আক্রমণ করেন।

মমতা বলেন, “খবরটি প্রকাশ্যে আসার পর, আমাকে বিভিন্ন জনে বিভিন্ন কথা জিজ্ঞাসা করা শুরু করেন। এই পরিস্থিতিতে আমার কী করা উচিত? আপনি সরাসরি আমার সঙ্গে কেন কথা বলবেন না? আমি আপনাকে অনুরোধ করছি অন্য রাজ্যের ক্ষেত্রেও যেন এমন ঘটনা ঘটাবেন না।” মোদির কাছে তার প্রশ্ন ছিল, “আপনারা সব সময় বাংলার সমালোচনা কেন করেন?”

কিছুদিন আগে আগাম খবর না দিয়েই পশ্চিমবঙ্গের করোনাভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষণ করতে একটি কেন্দ্রীয় দল সফরে যায়, সেই প্রসঙ্গও বৈঠকে তুলে ধরেন মমতা। বলেন, “আমাদের কি তাদের বাবু বলা উচিত ছিল এবং ক্রীতদাসের মতো আচরণ করা উচিত ছিল?”,

স্পষ্টভাবে এও জানিয়ে দেন, কেন্দ্রীয় দলগুলো রাজ্যে পর্যবেক্ষণে আসতেই পারে, তবে রাজ্যের মুখ্য সচিব এবং স্বাস্থ্য সচিব তাদের ইশারায় উঠবে-বসবে এমন আশা যেন না করেন।

পাশাপাশি পশ্চিমবঙ্গের অভিবাসী শ্রমিকদের ঘরে ফেরাতে তাদের কাছ থেকে টাকা আদায়ের প্রসঙ্গটিও বৈঠকে তোলেন মমতা। বলেন, “আমি অমিত শাহকে অনুরোধ করছি যাতে কোনোভাবেই অভিবাসী শ্রমিকদের কাছ থেকে কোরো অর্থ নেওয়া না হয় ... যদি প্রয়োজন হয় তবে দয়া করে আমাদের জানাবেন, আমরা টাকা দেবো।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত