বরিশালে মেয়রের আহ্বানে সাড়া দেয়নি ব্যবসায়ীরা

আপডেট : ১২ মে ২০২০, ০৩:৪২ পিএম

বরিশালে করোনা দুর্যোগে ঈদ বাজার না খুলতে আহ্বান জানিয়েছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সাদিক আবদুল্লাহ।

গত ৯ মে শনিবার রাত ১২টায় বরিশালের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করে ঈদ বাজার না খুলতে আহ্বান জানান তিনি।

ব্যবসায়ী নেতারা মেয়রের আহ্বানে ঈদ বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেও বাস্তবে ওই সিদ্ধান্ত কার্যকর হয়নি। মঙ্গলবার অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে।

সকাল থেকে নগরের ঈদ বাজারের মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। নগরের চকবাজার, কাটপট্টি রোড, হেমায়েত উদ্দিন সড়ক, বাজার রোডের অধিকাংশ দোকান খোলা ছিল।

সরকার গত ১০ তারিখ থেকে ঈদবাজার আংশিক খোলার সিদ্ধান্ত গ্রহণ করে।

ওই ঘোষণার পর গত ৯ মে গভীর রাতে বরিশালের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ তার বাস ভবনে বরিশালের ব্যবসায়ী নেতাদের ডেকে বৈঠক করেন।

বৈঠকে ব্যবসায়ী নেতারা করোনার ঝুঁকির মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেন।

ওই ঘোষণার পর একদিন দোকানপাট কিছুটা বন্ধ থাকলেও মঙ্গলবার অধিকাংশ দোকান খুলে বসেন ব্যবসায়ীরা। মানুষের ভিড় সামাল দিতে না পারলেও পুলিশ চক বাজারের দুই দিকে প্রতিবন্ধকতকতা সৃষ্টি করে কেবল রিকশা গাড়ি আটকে দেয়।

ব্যবসায়ী নেতা আবদুর রহিম বলেছিলেন, ১০ মে সব ব্যবসা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও মেয়রের আহ্বানে ব্যবসায়ীরা ঈদ বাজারের সব দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। যতদিন করোনার প্রাদুর্ভাব থাকবে ততদিন ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখারও ঘোষাণা দেন।

একই সঙ্গে তিনি বলেন, কোনভাবেই ঈদে মহানগরের কোন ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকবে না। যতোদিন পর‌্যন্ত করোনার প্রাদুর্ভাব না কমবে ততদিন আমরা সহযোগী হয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখবো।

মেয়র সাদিক আবদুল্লাহ গণমাধ্যমকর্মীদের বলেন, করোনা বর্তমানে একটি বৈশ্বিক সমস্যা। এই সমস্যা মোকাবিলা করতে হলে সবার সহযোগিতা দরকার। এ বছর করোনা মহামারীর কথা চিন্তা করে ঈদ বাজার না খুলতে ব্যবসায়ীদের আহ্বান জানানো হয়। ব্যবসায়ীরা তার আহ্বানে সাড়া দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে তার মধ্যেও কিছু কিছু দোকানপাট খুলেছে শুনেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত