রংপুর অঞ্চলে গ্যাস সরবরাহের জন্য পাইপলাইন নির্মাণের কাজ দ্রুত শেষ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
মঙ্গলবার তিনি নিজ বাস ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পেট্রোবাংলা ও তার অধিভুক্ত কয়েকটি কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ কথা জানান।
বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে পাথরের পিএসআই অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। সরবরাহ চ্যানেল ভালো করা গেলে সারাদেশেই উন্নতমানের এই পাথরের চাহিদা বাড়বে। পাথর উত্তোলন ও সরবরাহের দিকে বিশেষ জোর দিতে হবে। আলোচনাকালে দফতর ও কোম্পানিগুলোর প্রধানরা এ সময় গ্যাস সঞ্চালন সিস্টেম, গৃহীত প্রকল্পগুলোর বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ প্রতিষ্ঠানগুলোর সার্বিক অবস্থা তুলে ধরেন।
ভার্চুয়াল এই সভায় অন্যান্যের মধ্যে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সচিব মো.আনিছুর রহমান, পেট্রোবাংলার চেয়ারম্যান এ বি এম আবদুল ফাত্তাহ, বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের মহাপরিচালক এ কে মহিউদ্দিন, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. কামরুজ্জামান, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আতিকুজ্জামান,বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড ও মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবি এম কামরুজ্জামান অংশ গ্রহণ করেন।
