বগুড়ায় একই পরিবারের ৭ জন ও ৪ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

আপডেট : ১২ মে ২০২০, ১০:২৬ পিএম

বগুড়ায় এক পরিবারের ৭ জন এবং ৪ পুলিশ সদস্যসহ ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত শুক্রবার বগুড়ার একজন প্রবীন শিক্ষাবিদ ঢাকায় করোনায় আক্রান্ত হয়ে মারা যান। পরের দিন তার পরিবারের ৭ জন সদস্য ঢাকা থেকে বগুড়া শহরের জলেশ্বরীতলায় তাদের বাড়ি ফেরেন। তারা বাড়ির বাইরে স্বাভাবিক চলাফেরা করেন। গত কয়েকদিন তাদের বাড়িতেও সমবেদনা জানাতে অনেকেই যাতায়াত করেন। মঙ্গলবার তাদের নমুনা পরীক্ষা করে পরিবারের ৭ সদস্যই করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন।

এছাড়াও বগুড়ায় কর্মরত পুলিশের চার সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে কোর্টে কর্মরত এক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলে তার সাথে থাকা আরো ২২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪ জন করোনায় আক্রান্ত শনাক্ত হন।

মঙ্গলবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বগুড়ার ১৭৬ টি নমুনায় ১১ টি পজিটিভ, সিরাজগঞ্জের ১২টি নমুনার মধ্যে সবকটি নেগেটিভ রিপোর্ট আসে। বগুড়ায় এখন করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫২ জন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত