মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১১

আপডেট : ১৩ মে ২০২০, ০১:২৭ এএম

মাদারীপুরের রাজৈর উপজেলায় মঙ্গলবার এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাজিতপুর ইউনিয়নের পূর্ব মোল্লাকান্দি গ্রামের রাজ্জাক হাওলাদার ও সাহাবুদ্দিন বেপারীর মধ্যে এলাকায় আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করা হয়। সংঘর্ষে আহত হয় নারীসহ অন্তত ১১ জন।

আহতরা হলেন জাফর হাওলাদার (৪৭), শাহীন বেপারী (২৫) সুমন  বেপারী (৩২), ভুলু বেপারী (৫৩), কামাল হাওলাদার (৪৪), লুৎফর বেপারী (৪০), কালাম বেপারী (৬৬) নজু  বেপারী (৩৬), রিয়াজ হাওলাদার (৩৪), তানিয়া বেগম (৩৪) ও আবুল বেপারী (৫৪)।

আহতদেরকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তানিয়া ও আবুল বেপারীকে উন্নত চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

রাজৈর থানার অফিসার ইনচার্জ খন্দকার শওকত জাহান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত