করোনাভাইরাস মোকাবিলায় দেশের স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা বাড়াতে ২০২৩ সালের মধ্যে একটি প্রকল্প বাস্তবায়ন করবে সরকার। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বাংলাদেশ সরকারের মধ্যে এ-সংক্রান্ত ১০০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর হয়েছে।
ইআরডি থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ঋণের সুদের হার ১ শতাংশ। ১০ বছরের গ্রেস পিরিয়ডসহ ৪০ বছরে এই ঋণ পরিশোধযোগ্য।
'কোভিড-১৯ রেসপন্স ইমারজেন্সি অ্যাসিসট্যান্স প্রোজেক্ট' শীর্ষক এই প্রকল্পের মাধ্যমে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সক্ষমতা বৃদ্ধি, রোগের বিস্তাররোধ, নিয়ন্ত্রণ, জরুরি স্বাস্থ্যসেবা ও যন্ত্রপাতি সরবরাহ নিশ্চিত করা, টেস্ট সুবিধা সম্প্রসারণ ছাড়াও ১৭টি মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ সুবিধা বাড়ানো হবে।
সরকারের স্বাস্থ্য অধিদপ্তর এই প্রকল্পটি বাস্তবায়ন করবে। ১১৩ দশমিক ৩৮ মিলিয়ন ডলারের এই প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ২০২৩ সালের জুন। প্রকল্পের অবশিষ্ট ১৩ দশমিক ৩৮ মিলিয়ন ডলার যোগান দেবে বাংলাদেশ সরকার।
ঢাকায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন ও এডিবির আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশ ঋণচুক্তিতে স্বাক্ষর করেন।
