চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বিদেশ ফেরত স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাতে গৃদকালিন্দিয়া এলাকায় স্বামীর ছুরিকাঘাতে নিহত হয় স্ত্রী তানজিনা আক্তার রিতু। এ ঘটনায় স্বামী আল মামুন মোহনকে আটক করেছে পুলিশ। নিহত গৃতবধূ মিতু কলেজে পড়াশুনা করতো।
পুলিশ জানায়, বুধবার বিকালে স্বামী মোহন তার নিজ বাড়ি রায়পুর থেকে শ্বশুর বাড়িতে আসে। ইফতারের পূর্বে স্ত্রী তানজিনা আক্তার রিতুর সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রিতুকে এলোপাথারি ছুরিকাঘাত করে। তখন রিতুর মা পারভীন আক্তার ও ভাই প্রান্ত চিৎকার শুনে এগিয়ে আসলে তাদেরকেও ছুরিকাঘাত করে মোহন। পরে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন টের পেয়ে তাকে আটকে রেখে গণধোলাই দেয়। এরপরে তাকে পুলিশের হাতে তুলে দেয়।
স্থানীয়রা জানায়, আল মামুন লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার শায়েস্তানগর গ্রামের মনতাজ মাস্টারের ছেলে। আড়াই বছর পূর্বে ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া গ্রামের সেলিম খানের মেয়ে তানজিনা আক্তার রিতুকে বিয়ে করে। বিয়ের এক বছর পর মামুন সৌদি আরব চলে যায়। এক বছর আগে মামুন সৌদি আরব থেকে দেশে ফিরে বেকার অবস্থায় ছিল।
গুরুতর আহত অবস্থায় রিতু ও তার মা পারভীনকে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক রিতুকে মৃত ঘোষণা করে। আশংকাজনক অবস্থায় পারভীন আক্তারকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
এ ব্যাপারে ফরিদগঞ্জ ওসি আব্দুর রাকিব বলেন, লাশ উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আশংকাজনক অবস্থায় রিতুর মা পারভীন আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
