আড্ডার শুরু থেকেই বাংলাদেশি দর্শকদের প্রশংসায় ভাসাচ্ছিলেন ফ্যাফ ডু প্লেসি। এক পর্যায়ে প্রসঙ্গক্রমে বলে দিলেন, অস্ট্রেলিয়ার দর্শকদের চেয়ে বাংলাদেশের দর্শকেরা অনেক বেশি ভদ্র।
বুধবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে ফেইসবুক লাইভ আড্ডায় যুক্ত হন সদ্য সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ডু প্লেসি।
আড্ডায় ডু প্লেসির টেস্ট অভিষেকের প্রসঙ্গ আসে। ২০১২ সালে অ্যাডিলেডে অজিদের বিপক্ষে সাদা পোশাকে অভিষেক হয়েছিল ডু প্লেসির। সেদিন মাঠে নামার সময় জুতা খুলে যায় ডু প্লেসির। যখন জুতা পড়ার চেষ্টা করছিলেন, অস্ট্রেলিয়ান দর্শকদের ‘উৎপাতে’ অতিষ্টই হতে হয়েছিল তাকে।
তামিম সেই ঘটনা জানতে চাওয়াতেই বিস্তারিত বর্ণনা করছিলেন ডু প্লেসি। যা শুনে তামিম বলেন, অস্ট্রেলিয়া বলেই সমস্যা হয়েছে। কারণ তারা সবই ইংরেজিতে বলছিল। বাংলাদেশে এমন কিছু হলে তুমি বুঝতে না দর্শকেরা কি বলছে।
ঠিক এসময়ই ডু প্লেসি বলেন, ‘অস্ট্রেলিয়ান দর্শকদের চেয়ে বাংলাদেশি দর্শকেরা বেশি ভদ্র।’
বাংলাদেশ, ভারতের দর্শক উন্মাদনা নিয়েও কথা বলেছেন ডু প্লেসি। তার মতে এই দুই দেশের দর্শকেরা এতটাই ক্রিকেট প্যাশনেট যে, অনেক পেশি চাপ নিয়ে খেলতে হয় তাদের সামনে।
মজা করে তাই ডু প্লেসি বলছিলেন, করনায় দর্শকশূন্য মাঠে খেলা হলে দক্ষিণ আফ্রিকার ভারত বা বাংলাদেশে গিয়েই খেলা উচিত।
