মেয়রের দায়িত্ব নিয়ে আতিকুল

ডিএনসিসিতে করোনা পরীক্ষার ৮ বুথ বসানো হবে

আপডেট : ১৪ মে ২০২০, ০৫:৩৫ এএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়রের দায়িত্ব গ্রহণ করেছেন আতিকুল ইসলাম। গতকাল বুধবার ভারপ্রাপ্ত মেয়র মো. জামাল মোস্তফার কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন।

এরপর দুপুর ১২টায় আতিকুল রাজধানীর গুলশানের নগর ভবনের প্রধান কার্যালয়ে মেয়রের চেয়ারে বসেন। করোনা পরিস্থিতির কারণে নতুন মেয়রের দায়িত্ব গ্রহণ ঘিরে কোনো আনুষ্ঠানিকতা ছিল না। শুধু সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিবসহ ঊর্ধ্বতন কয়েকজন উপস্থিত ছিলেন।

দায়িত্ব নেওয়ার পর অনলাইন বিফ্রিংয়ে আতিকুল ইসলাম বলেন, ‘দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে আমি করোনারোধ ও পরীক্ষা সহজ করতে ব্র্যাকের সহায়তায় ডিএনসিসির আটটি স্থানে নমুনা সংগ্রহ বুথ চালুর সিদ্ধান্ত নিয়েছি। আগামী সপ্তাহের মধ্যে এসব বুথ স্থাপন করা হবে। একটি পিসিআর ল্যাব স্থাপনেরও পরিকল্পনা রয়েছে।’ তিনি বলেনÑ ‘কথায় নয়, আমি কাজে বিশ্বাসী। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছি। ঢাকা শহরের বিভিন্ন ওয়ার্ডের প্রধান সড়ক ও গলিতে ওয়াটার বাউজারের মাধ্যমে জীবাণুনাশক স্প্রে অব্যাহত রয়েছে। পথচারীদের হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত