কুমিল্লায় পল্লী চিকিৎসকের ভুলে কিশোরীর মৃত্যুর অভিযোগ

আপডেট : ১৪ মে ২০২০, ০৮:১০ এএম

কুমিল্লার চৌদ্দগ্রামে পল্লী চিকিৎসক শফিউল আলমের ভুলে সালমা আক্তার মজুমদার (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। সালমা উপজেলার শ্রীপুর ইউনিয়নের ভিতরচর গ্রামের শহীদুল ইসলাম মজুমদারের মেয়ে।

সালমার পরিবারের অভিযোগ, গত ২৬ এপ্রিল দুপুরে বাড়ির পাশে ঝুলানো দোলনায় চড়তে গিয়ে গাছের সঙ্গে হাঁটুর ধাক্কা লাগে সালমার। এরপর ব্যথার কারণে হাঁটতে সমস্যা দেখা দিলে ওই দিন সন্ধ্যায় স্থানীয় রাজাপুর বাজারের পল্লী চিকিৎসক শফিউল আলমের চেম্বারে নেওয়া হয় সালমাকে। সেখানে কোনোরকম এক্স-রে না করিয়েই শফিউল আলম প্রেসক্রিপশনের মাধ্যমে ওষুধ দেন। যা সেবনের পর থেকেই তার পায়ের ব্যথা বাড়াসহ শরীরজুড়ে ফোসকা উঠতে শুরু করে। এভাবে চার দিন অতিবাহিত হওয়ার পর অবস্থা বেগতিক দেখে ৩০ এপ্রিল রাতে সালমাকে কাশিনগর বাজারের ফাস্ট এইড হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাৎক্ষণিক এক্স-রে করে জানান, সালমার হাঁটুর হাড় (আংশিক) ফেটে গেছে। ফাস্ট এইড হাসপাতাল সালমার সার্বিক অবস্থা বিবেচনা করে ওষুধপত্র দিলেও তা সেবন করার আগেই পরদিন ১ মে ভোরে সালমার মৃত্যু ঘটে বলে জানিয়েছেন তার বাবা শহীদুল হক মজুমদার। এ ব্যাপারে পল্লী চিকিৎসক শফিউল আলমের সঙ্গে কথা বলতে চেয়ে চেম্বারে গিয়ে তাকে পাওয়া যায়নি। 

এদিকে প্রেসক্রিপশনে উল্লিখিত ওষুধসমূহ দেখে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি সূত্র জানায়, শফিউল আলম যেসব ওষুধ লিখেছেন তা লেখার এখতিয়ার তার নেই। অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত