মেহেরপুরে থেকে প্রকাশিত দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকার সম্পাদক ইয়াদুল মোমিন, প্রকাশক এ এসএম ইমন ও প্রতিবেদক আলামিন হোসেনের নামে মেহেরপুরের গাংনী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
গাংনী আসনের সাবেক সংসদ সদস্য, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. মকবুল হোসেনের ভাগ্নে সবুজ হোসেন বাদী হয়ে গাংনী থানায় মামলাটি দায়ের করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওবাইদুর রহমান জানান, মেহেরপুরের স্থানীয় পত্রিকা দৈনিক মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন, প্রকাশক এ এস এম ইমন ও যুগ্ন সম্পাদক আল আমিনের নামে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে বৃহস্পতিবার এই মামলাটি করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহাবুল ইসলাম জানান, মামলাটি তদন্তের দায়িত্ব পেয়ে তিনি আসামি গ্রেপ্তার ও তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিলের কাজে নেমেছেন।
মামলার ১ নম্বর আসামি ও দৈনিক মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন জানান, মামলার বিষয়টি তিনি শুনেছেন। প্রকাশিত সংবাদের স্বপক্ষে সব তথ্য-উপাত্ত পত্রিকা কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত রয়েছে। মামলাটি আইনগতভাবেই মোকাবেলা করা হবে।
জানা গেছে, ১১ মে দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকায় 'গাংনীর সাবেক এমপি মকবুলের কাণ্ড, ২৬ বছর দখলে রেখেছে পরের বাড়ি' শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
এরই প্রেক্ষিতে সাবেক এই সাংসদের ভাগ্নে এই মামলাটি করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে।
