পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টটাই সেরা: তামিম

আপডেট : ১৪ মে ২০২০, ১১:০৪ পিএম

করোনার এই দুর্যোগময় সময়ে মানুষকে খানিক বিনোদন দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত হাজির হচ্ছেন তামিম ইকবাল। সঙ্গে থাকছেন ক্রিকেটারদের বড় তারকাদের কেউ। বুধবার তামিমের সঙ্গে আড্ডা দিতে হাজির ছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি।

আড্ডায় ডু প্লেসি তার ক্যারিয়ারের অনেক মজার ঘটনা শেয়ার করেছেন। এক পর্যায়ে তামিম বলেছেন, দেশের হয়ে ৬০ টেস্টের মধ্যে তার ক্যারিয়ারের সেরা ম্যাচের কথা।

তামিমের চোখে সেরা ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্ট। যে ম্যাচটি ড্র হয়েছিল। দ্বিতীয় ইনিংসে তামিম ইকবাল ও ইমরুল কায়েস ওপেনিং জুটিতে গড়েছিলেন ৩১২ রানের জুটি। বাংলাদেশের হয়ে যা ওপেনিং জুটিতে সর্বোচ্চ। তামিম খেলেছিলেন ২০৬ রানের ইনিংস।

তামিম বলছিলেন, ‘এটা আমার খুবই প্রিয় টেস্ট। আমরা খুলনায় পাকিস্তানের বিপক্ষে খেলছিলাম। আমার মনে হয় তুমি (ডু প্লেসি) খুলনায় আসনি। আমরা ওই ম্যাচে ২৮০ বা প্রায় ৩০০ রানে (২৯৬) পিছিয়ে ছিলাম। প্রায় দেড় দিনের মতো সময় ছিল। মুশফিক ইনজুরিতে পড়ে গিয়েছিল। ইমরুল প্রায় ১৬০ ওভার কিপিং করেছে। এরপর ১০ মিনিট পরই আমার সঙ্গে ওপেনিংয়ে নামে।’

তামিম বলে যান, ‘আমরা রেকর্ড জুটি গড়েছিলাম। দ্বিতীয় ইনিংসে যা এখনও সর্বোচ্চ ওপেনিং জুটির রেকর্ড। আমরা ৩১২ রানের জুটি গড়েছিলাম। ইমরুল ১৫০ করেছিল। আমরা টেস্ট ম্যাচটা ড্র করেছিলাম। আমি যতগুলো টেস্ট খেলেছি সেগুলোর মধ্যে এটা সেরা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত