দেশবরেণ্য শিক্ষাবিদ জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তিনি বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী ড. আনিসুজ্জামান ছিলেন প্রজ্ঞা ও শুদ্ধ চেতনায় দীপ্ত একজন আধুনিক মানুষ।
আইজিপি বলেন, বাংলা ভাষা, সাহিত্য, শিক্ষা ও সংস্কৃতিতে তার রয়েছে অনন্য অবদান। আমাদের কাছে তিনি ছিলেন বাতিঘরের মতো। এ মানুষটির চলে যাওয়া দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।
আইজিপি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
বৃহস্পতিবার বিকেল ৪টা ৫৫ মিনিটে অধ্যাপক আনিসুজ্জামান ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান।
নানা স্বাস্থ্য জটিলতায় আক্রান্ত অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুর পর করোনা শনাক্ত হয়। স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার সকালে তার দাফন সম্পন্ন হয়।
