করোনাভাইরাসের সংক্রমণ রোধে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে লকডাউন চলমান থাকলেও দোকানগুলোতে পণ্য কেনাবেচায় সামাজিক দূরত্বের বালাই নেই। দোকানগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দোকানগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিধিনিষেধ থাকলেও দুএকটিতে মানা হলেও অধিকাংশ দোকানেই তা মানা হচ্ছে না।
শুক্রবার সরেজমিন হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা গেছে বিশেষ করে পোশাক ও জুতার দোনানগুলোতে নারীদের ভিড় বেশি লক্ষ্য করা গেছে। সেই সাথে নিয়ে এসেছেন শিশু সন্তানদের।
দোকানগুলোতে ভিড় ঠেলে পণ্য কিনছেন তারা, অনেকের মুখেই কোনো ধরনের মাস্ক নেই। এমনকি দোকানগুলোতে যারা পণ্য বিক্রি করছেন তাদেরও হাতে কোনো গ্লাভস নেই, মুখেও নেই মাস্ক। সেই সাথে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দোকান খোলা রাখার কথা থাকলেও অনেক দোকান এর পরেও তাদের দোকান খোলা রাখছেন।
হিলি বাজারে পণ্য কিনতে আসা শরিফুল ইসলাম বলেন, মেয়ের জন্য একটি জামা কিনতে এসেছিলাম, কিন্তু বাজারে যে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে যার কারনে ভয়ে পোষাক না কিনে বাড়ি ফিরে যাচ্ছি। করোনার কারণে যেখানে সামাজিক দূরত্বের কথা বলা হচ্ছে তার কোনটিই মানা হচ্ছে না বাজারে। হিলিবাজারের দোকানগুলো আগের রূপে ফিরেছে, এতে করোনাভাইরাসে আক্রান্তের ঝুঁকি বাড়ছে।
নাম না প্রকাশ করার শর্তে এক দোকানি বলেন, আমরা দোকানে হাত ধোয়ার ব্যবস্থা রেখেছি, বিক্রয়কর্মীদের মাস্ক ও গ্লোবস দিয়েছি। কিন্তু ক্রেতাদের কোনো প্রকারেই এসব নির্দেশনা মানা যাচ্ছে না, তাদের বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে, আবার কোন ক্রেতাকে কিছু বললে তিনি আর দোকানে আসবেন না যার কারণে আমাদের সেটি করাও সম্ভব হচ্ছে না।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম জানান, বাজারে বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে এ বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলছি হয়তো বা দেশের অন্যান্য স্থানের মতো হিলি বাজারেরও সকল দোকানপাট বন্ধ হতে পারে। এ বিষয়ে শিগগিরই নির্দেশনা আসতে পারে বলেও তিনি জানিয়েছেন।
