চীনের বিরুদ্ধে করোনাভাইরাস নিয়ে গবেষণা-তথ্য চুরির চেষ্টার অভিযোগ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা।
তাদের দাবি, কোভিড-১৯ নিয়ে গবেষণা করছে এমন সংস্থাগুলোর তথ্য চুরির চেষ্টা করছে চীন সরকারের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকাররা।
বিবিসি জানায়, গত বুধবার এফবিআই ও সাইবার নিরাপত্তা বিভাগ (ডিএইচএস) যৌথ বিবৃতিতে এ সম্পর্কে সর্তকতা প্রকাশ করেছে। তারা জানান, কোভিড-১৯ ভ্যাকসিন নিয়ে কাজ করা স্বাস্থ্যসেবা, ফার্মাসিউটিক্যাল ও গবেষণা সংস্থাগুলোকে সতর্ক থাকতে হবে। তারা এখন হ্যাকারদের মূল টার্গেট। সাইবার চোররা এ বিষয়ক গুরুত্বপূর্ণ নথি চুরির চেষ্টা করছে।
এর আগে, গত সোমবার সংবাদ সম্মেলনে চীনের বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সেই অভিযোগ প্রত্যাখ্যান করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, চীন করোনাভাইরাসের চিকিৎসা ও ভ্যাকসিন গবেষণায় বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। কোনো প্রমাণ ছাড়া গুজব ও অপবাদ দিয়ে চীনের বিরুদ্ধে এমন অভিযোগ করা অনৈতিক।
এদিকে, চীনও মার্কিন নেতাদের অভিযোগ প্রত্যাখ্যান করে ক্রমাগত পাল্টা অভিযোগ তুলছে।
মহামারির মধ্যে এই দুই দেশের সম্পর্কের অবনতির কারণে ভবিষ্যতে বিশ্ব রাজনীতিতে বিরূপ প্রভাব পড়বে বলেও মনে করছেন বিশ্লেষকরা।
