সালমানের বাবার ‘আইডিয়া’ চুরি করে শাহরুখের সিনেমা

আপডেট : ১৬ মে ২০২০, ০৩:৪৯ পিএম

সালমান খানের বাবা সেলিম খান বলিউডের নামি চিত্রনাট্যকার। জাভেদ আখতারের সঙ্গে জুটি বেধে অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। আর তার ‘আইডিয়া’ চুরি করে সালমানকে নয়, শাহরুখ খানকে বানানো হলো নায়ক! এ গল্প উঠে এসেছে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে।

১৯৯৩ সলের কথা। পরিচালক জুটি আব্বাস-মাস্তানের ‘খিলাড়ি’ বক্স অফিসে মোটামুটি সফল। লোকজন সবে চিনতে শুরু করেছে তাদের। আব্বাস-মাস্তান ঠিক করেন হলিউড ছবি ‘অ্যা কিস বিফোর ডায়িং’-এর অনুপ্রেরণায় ছবি বানাবেন। ওই ছবির একটি বিশেষ দৃশ্য তাদের বেশ পছন্দ হয়ে যায়।

ছবির প্রস্তাব নিয়ে তারা প্রথমে যান আরমান কোহালির কাছে। কিন্তু আরমান ফিরিয়ে দেন। এরপর না বলেন অনিল কাপুর। সবার একটাই বক্তব্য ছিল, হিরোর চরিত্রটি বড় বেশি নেগেটিভ।

পরিচালকদ্বয় সালমান খানকে চরিত্রটি করার অফার দেন। স্ক্রিপ্ট শোনাতে সোজা সালমানের বাড়িই চলে যান। সেখানে ছিলেন তার বাবা সেলিম খানও। পুরো স্ক্রিপ্ট পড়ে বেশ পছন্দ হয় বাবা-ছেলের। তবে সেলিমের কিছু শর্ত ছিল। স্ক্রিপ্টে কিছু পরিবর্তন করার উপদেশ দেন তিনি। তা হলেই সালমান ওই ছবিতে কাজ করবেন বলেও জানান।

সেলিম বলেন, ছবিতে হিরোর চরিত্র বড় বেশি নেগেটিভ হয়ে যাচ্ছে। সেই ডার্কশেড কিছুটা কমানোর জন্য মায়ের চরিত্রটি খানিক বড় করে দিতে বলেন। যাতে দর্শকের মনে হয়, মায়ের কষ্ট দূর করতেই এমন কাজ করেছেন হিরো। সেলিমের এই প্রস্তাবে কোনোভাবেই রাজি হননি আব্বাস-মাস্তান। সালমানও কাজ করেননি।

এরপর শাহরুখ খান স্ক্রিপ্ট পড়েই রাজি হয়ে যান। নেগেটিভ চরিত্রকে চ্যালেঞ্জ হিসেবে নেন তিনি। এটি ছিল শাহরুখ-কাজল-শিল্পা অভিনীত আইকনিক ছবি ‘বাজিগর’। মুক্তি পেতে বক্স অফিসে বিপুল সাফল্য পায় সেই ছবি।

সুপার-হাইপড ছবিটি দেখার লোভ সামলাতে পারেননি সেলিম খানও। এত হইচই ফেলেছে শুনে তিনি নিজেও এই ছবি দেখার ইচ্ছে প্রকাশ করেন। স্ক্রিপ্টে রদবদল করার পরামর্শ না দিলে তো এই ছবি তার ছেলে সালমানের ঝুলিতেই আসত। কিন্তু ছবি দেখে সেলিম তো ‘থ’। যা ভেবেছিলেন ঠিক তার উল্টো। সেলিম ভেবেছিলেন মতের মিল না হওয়ার জন্যই বুঝি আব্বাস-মাস্তান সালমানকে ছবিতে নেননি। কিন্তু এ কি! সেলিম যা যা পরিবর্তন করার উপদেশ দিয়েছিলেন, তার সব কয়টি নিয়েছেন আব্বাস-মাস্তান।

হিরোর মায়ের চরিত্র বড় করেছে। হিরোর ডার্ক শেড কমানো হয়েছে। অথচ সেলিমের প্রতি কৃতজ্ঞতা স্বীকারের বালাই নেই! যদি তারা পরিবর্তন করবেন ভেবেই ছিলেন, তা হলে তো সালমানকেই চরিত্রটির জন্য বলতে পারতেন। কিন্তু না, আব্বাস বা মাস্তান কেউই সালমান বা সেলিমকে কিছু জানাননি। মুখে কিছু না বললেও বেশ রুষ্ট হয়েছিলেন সেলিম। এ তো প্রকারান্তরে আইডিয়া চুরি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত