শ্বাসকষ্ট নিয়ে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সিএমপির এক পুলিশ সদস্যের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। চট্টগ্রামে এই প্রথম কোনো পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।
শনিবার বিকেলে বিআইটিআইডি থেকে নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর সিএমপির উপ-কমিশনার (বিশেষ শাখা) মো. আব্দুল ওয়ারিশ বলেন, ‘রির্পোটে কনস্টেবল নঈমুলের করোনাভাইরাস পজেটিভ এসেছে। মৃত পুলিশ সদস্য নঈমুল হক (৩৮) সিএমপির ট্রাফিক বিভাগের বন্দর জোনে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার বাসা নগরীর আমবাগান এলাকায়। বাড়ি কুমিল্লার জেলার দেবীদ্বারে।’
তিনি আরও বলেন, ‘মৃত পুলিশ সদস্য বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে ছিলেন। পরিবারের অন্য সদস্যদের নমুনা পরীক্ষা করা হচ্ছে। তাদের বাসা শুক্রবার লকডাউন করা হয়েছে।’
প্রসঙ্গত, শুক্রবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে কনস্টেবল নঈমুলের মৃত্যু হয়। হাতে ব্যথা নিয়ে কনস্টেবল নঈমুল ২১ দিনের ছুটিতে গিয়েছিলেন। আগে থেকেই তার অ্যাজমাজনিত সমস্যা ছিল। বৃহস্পতিবার দুপুরে শ্বাসকষ্ট নিয়ে নঈমুল দামপাড়ায় পুলিশ লাইন হাসপাতালে ভর্তি হতে আসলে তাকে জেনারেল হাসপাতালে পাঠানো হয়। শ্বাসকষ্ট থাকায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই শুক্রবার সকালে তিনি মারা যান। এরপর তার নমুনা সংগ্রহ করা হয়।
চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত পুলিশের সংখ্যা ৫৩ জন। এদের মধ্যে সিএমপির এক সদস্যের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত মোট ৬৪১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১০০ জন। এই পর্যন্ত করোনায় আক্রান্ত মোট ৩২ জনের মৃত্যু হয়েছে।
