ঝালকাঠিতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে তসলিম খান (৪০) নামে নারায়ণগঞ্জ ফেরত এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার সকাল ৯টার দিকে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ওই যুবকের মৃত্যু হয়।
তসলিম খান জেলার নলছিটি উপজেলার পৌর এলাকার নাঙ্গুলী গ্রামের বাসিন্দা।
ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার জানিয়েছেন, ওই যুবক কয়েক দিন আগে নারায়ণগঞ্জ থেকে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বাড়িতে আসেন।
এরপর তিনি নিজ বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। আজ সকালে বেশি শ্বাসকষ্ট শুরু হলে একপর্যায়ে মৃত্যুবরণ করেন ওই যুবক।
গত শুক্রবার (১৫ মে) তার রক্তের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে। রিপোর্ট এখনো পাওয়া যায়নি।
এদিকে জেলায় এখন পর্যন্ত মোট ১৯ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭ জন। আর নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন ১২ জন।
