করোনাভাইরাসের কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যেও কাজ করায় ব্যাংকারদের দেওয়া ভাতা শেষ হচ্ছে ২৯ মে। এ সময়ে ব্যাংকাররা সশরীরে ১০ দিন অফিস করলে পুরো মাসের মূল বেতনের সমপরিমাণ ভাতা পাচ্ছেন।
রবিবার কেন্দ্রীয় ব্যাংক এক পজ্ঞাপনে জানিয়েছে, সেই ঘোষিত ভাতার কার্যকারিতা ২৮ মের পর বাতিল করা হয়েছে।
এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকিং কর্মকাণ্ড গতিশীল করার মাধ্যমে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে অন্যান্য খাতের মতো ব্যাংকিং কার্যক্রম চালু রাখার আবশ্যকতা রয়েছে। সীমিত ব্যাংকিং কার্যক্রম প্রত্যাহার করে ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্রমে নিয়ে আসা হচ্ছে। তাই ২৮ মের পর প্রণোদনা অব্যাহত রাখার প্রয়োজন নেই। তবে ২৯ মে থেকে সাধারণ ছুটির মধ্যে কেউ অফিস করলে ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুসারে যাতায়াত ভাতা প্রাপ্য হবেন।
করোনা সংক্রমণের ফলে ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এই সময়ে সীমিত আকারে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত হয়। ১২ এপ্রিল প্রজ্ঞাপন জারি করে সশরীরে ব্যাংকে আসা কর্মকর্তাদের জন্য বিশেষ প্রণোদনা ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক।
