‘আফ্রিদি সীমা অতিক্রম করেছে, ওর সাথে আর কোনো সম্পর্ক নেই’

আপডেট : ১৭ মে ২০২০, ১০:৫৪ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে কথা বলায় পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদির এক হাত নিলেন হরভজন সিং। আফ্রিদিকে সীমা না ছাড়ানোর পরামর্শও দিলেন ভারতের সাবেক এই অফ স্পিনার।

চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের ক্রিকেটার হলেও আফ্রিদি-হরভজনের সম্পর্ক বরাবরই ভালো। তবে এখন থেকে আর আফ্রিদির সঙ্গে কোনো সম্পর্ক নেই বলেও ঘোষণা দিয়েছেন হরভজন।

সম্প্রতি পাকিস্তান অধিকৃত কাশ্মীরের একটি গ্রামে গিয়েছিলেন আফ্রিদি। সেখানে কাশ্মীর ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে কথা বলেন তিনি। আফ্রিদির সেই বক্তৃতা ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয়রা এ ইস্যুতে হরভজনের প্রতিক্রিয়া জানতে চায়। এর অবশ্য কারণও আছে।

করোনাভাইরাসের কারণে তৈরি হওয়া কঠিন পরিস্থিতিতে পাকিস্তানে দুস্থদের পাশে দাঁড়ানো আফ্রিদিকে কুর্নিশ জানিয়েছিলেন হরভজন সিং ও যুবরাজ সিং। এ জন্য অবশ্য এই দুই ক্রিকেটারকে ভারতীয়দের সমালোচনা শোনতে হয়েছে।

সে সময় যুবরাজ ও হরভজন তার জবাব দিয়েছিলেন। এখন মোদীকে আক্রমণ করায় হরভজন ও যুবরাজের প্রতিক্রিয়া কী, প্রশ্ন ভারতীয়দের।

হরভজন বলেছেন, শাহীদ আফ্রিদি তার সীমা ছাড়িয়েছেন। বলেন, ‘ভারত এবং আমাদের প্রধানমন্ত্রী নিয়ে আফ্রিদি যা বলেছে, ভীষণ হতাশাজনক। এটা মেনে নেওয়া যায় না। এখন থেকে শহীদ আফ্রিদির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত