ধান কাটা শ্রমিকদের কাছ থেকে চাঁদা নেয়ার সময় আটক ১

আপডেট : ১৮ মে ২০২০, ১২:১০ পিএম

হাওরে বোরো ধান কেটে ফেরা শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে বিল্লাল মিয়া (৩৬) নামে এক চাঁদাবাজকে আটক করেছে পুলিশ।

রবিবার বিকেলে উপজেলার সামাইকোনার ধর্মপাশা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে এবং আটককে সোমবার আদালতে পাঠানো হবে জানায় মোহনগঞ্জ থানা পুলিশ।

বিল্লাল মোহনগঞ্জ উপজেলার বানিয়াজোড়া গ্রামের মৃত মোন্না মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বোরো মৌসুমে পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার জামালগঞ্জের হাওরে ধান কাটতে আসেন সিরাজগঞ্জ জেলার একদল শ্রমিক। তারা মূলত ধানের বিনিময়ে ধান কাটেন। কাজ শেষে নদীপথে নৌকা করে অর্জিত ৬০০ বস্তা ধান নিয়ে বাড়ি ফিরছিলেন তারা। পথে নেত্রকোনার সামাইকোনা এলাকার ধর্মপাশা ব্রিজের কাছে  নৌকা থেকে ধান নামিয়ে ট্রাকে ভর্তি করার সময় বস্তা প্রতি সাত টাকা করে ৪ হাজার ২০০ টাকা চাঁদা দাবি করে বিল্লাল ও তার সহযোগীরা।

মোহনগঞ্জ থানার ওসির নম্বরে ফোন করলে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।

পুলিশ আসার খবর পেয়ে বিল্লালের সহযোগী দুলাল মিয়া, মমিন ও আবুল মিয়া দৌঁড়ে পালিয়ে গেলেও বিল্লাল মিয়াকে ঘটনাস্থলে আটক করে পুলিশ। পরে ওই শ্রমিক দলের মো. ইমরত হোসেন নামের একজন থানায় এসে অভিযোগ দিলে পুলিশ মামলা নেয়।

জানা গেছে, আটক বিল্লাল তার বাহিনী নিয়ে প্রতিনিয়ত হাওর থেকে ধান নিয়ে আসা দূরদূরান্তের শ্রমিকদের কাছ থেকে এভাবে চাঁদা আদায় করে থাকেন। তিনি একজন পেশাদার চাঁদাবাজ এবং এ কাজে বাহিনী সাজিয়েছেন বিল্লাল।

এ বিষয়ে মোহনগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, চাঁদাবাজির খবর জানিয়ে একজন ফোন করলে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠাই। পুলিশ দেখে অন্যরা পালিয়ে গেলেও বিল্লালকে আটক করা যায়। এ ঘটনায় বিল্লালসহ চারজনের নামে মামলা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হবে। অন্যদের ধরতে চেষ্টা অব্যাহত আছে বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত