যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক সি-১৩০জে পরিবহন বিমান যুক্ত হয়েছে বাংলাদেশ বিমানবাহিনীতে। যুক্তরাজ্যের রয়েল এয়ার ফোর্সের সঙ্গে ক্রয় চুক্তি এবং মার্শাল অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স গ্রুপের সঙ্গে রক্ষণাবেক্ষণ চুক্তির মাধ্যমে বিমানবাহিনীতে ৫টি বিমান সংযোজন করা হচ্ছে। যার একটি বিমানবাহিনীর নিজস্ব বৈমানিকরা সফল ফেরি ফ্লাইটের মাধ্যমে গতকাল মঙ্গলবার বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে নিয়ে অবতরণ করেন। এ সময় বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত ও বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার এইচ ই রবার্ট চাট্টারটন ডিকসন (ঐ. ঊ. জড়নবৎঃ ঈযধঃঃবৎঃড়হ উরপশংড়হ) উপস্থিত ছিলেন। আসার পথে উড়োজাহাজটি কায়রো (মিসর) ও মাসকাটে (ওমান) অবতরণ করে এবং এই দুটি বন্ধুত্বপূর্ণ দেশের জন্য কিছু শুভেচ্ছা বার্তা ও শুভেচ্ছা নিদর্শনসামগ্রী নিয়ে যায়। এছাড়া করোনাভাইরাসের কারণে কায়রোতে আটকে পড়া কিছু বাংলাদেশি নাগরিককে ওই উড়োজাহাজের মাধ্যমে ঢাকায় নিয়ে আসা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
আইএসপিআর আরও জানায়, বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে ঐতিহ্যগত রীতি মোতাবেক অভ্যর্থনা জানানো হয়। উল্লেখ্য, সি-১৩০জে পরিবহন বিমান অত্যাধুনিক এভিওনিক্স ও উন্নত প্রযুক্তিসম্পন্ন পরিবহন বিমান যা মালামাল ও সৈন্য পরিবহনসহ দেশে এবং বিদেশে মানবিক সহায়তা কার্যক্রম এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ব্যবহৃত হবে।
