স্থায়ী কমিটির বৈঠক

জিয়ার মৃত্যুবার্ষিকীর আলোচনা অনলাইনে করবে বিএনপি

আপডেট : ২০ মে ২০২০, ০৭:৪১ এএম

সাবেক রাষ্ট্রপতি ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা অনলাইনে করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি শতভাগ পালন করতে এমন সিদ্ধান্ত নিয়েছে দলটির জাতীয় স্থায়ী কমিটি। গত সোমবার রাতে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির এই বৈঠকে যুক্তরাজ্য থেকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির অন্য সদস্যরা নিজ নিজ বাসভবন থেকে বৈঠকে অংশ নেন।

১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউজে বিপথগামী কিছু সেনাসদস্যের হাতে নির্মমভাবে নিহত হন তিনি। এরপর থেকে বিএনপি ও সমমনা দল এবং এর অঙ্গসংগঠনগুলো দিনটিকে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী হিসেবে পালন করে আসছে। প্রতিবছর বেশ কয়েক দিন ধরে কর্মসূচি পালন করা হলেও করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে। বৈঠক সূত্রে জানা যায়, ৩০ মে দিনটি উপলক্ষে সকাল ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। নেতাকর্মীরা কালোব্যাজ ধারণ করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত