মুন্সীগঞ্জে ছুরিকাঘাতে দোকান কর্মচারী খুন

আপডেট : ২০ মে ২০২০, ১২:০৪ পিএম

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ছুরিকাঘাতে মনির মাঝি (২০) নামে এক দোকান কর্মচারী খুন হয়েছেন। উপজেলার আলদীবাজারে বুধবার সকালে এ ঘটনা ঘটে।

মনির মাঝি জেলা সদরের পূর্ব মাকহাটি গ্রামের মৃত অফিজউদ্দিনের ছেলে।

তিনি আলদীবাজারের মো. লিটনের কসমেটিকস দোকানের কর্মচারী ছিলেন।

টঙ্গীবাড়ি থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন খুনের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে পূর্ব মাকহাটি গ্রামের বাড়িতে ফেরার পথে কসমেটিকস দোকানের মালিক ও কর্মচারীকে একটি অটোরিকশা ধাক্কা মারে।

এ সময় অটোরিকশা চালক ও কসমেটিকস দোকানের মালিক-কর্মচারীর হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে অটোরিকশা চালক রাজু বুধবার সকালে ৭-৮ জন সাঙ্গপাঙ্গ নিয়ে আলদীবাজারে কসমেটিকস দোকানের মালিক ও কর্মচারীর উপর চড়াও হয়।

এ সময় দোকান মালিক পালিয়ে যেতে সক্ষম হলেও কর্মচারী মনিরের কোমর বরাবর ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অটোরিকশা চালক পলাতক রয়েছে। তার বাড়ি সদর উপজেলার মহেশপুর গ্রামে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত