এ. কে. স্কুল ও কলেজের অস্বচ্ছল শিক্ষক-কর্মচারীদের পাশে সাবেক শিক্ষার্থীরা

আপডেট : ২০ মে ২০২০, ০২:৪৬ পিএম

ঢাকার কদমতলীর থানার দনিয়া এলাকার এ. কে. স্কুল ও কলেজের অস্বচ্ছল শিক্ষকদের মাঝে নগদ অর্থ ও স্কুলের তৃতীয় শ্রেণির কর্মচারীদের মাঝে ঈদসামগ্রী দিয়েছেন সাবেক শিক্ষার্থীরা।

স্বাস্থ্যবিধি মেনে বুধবার বেলা ১১টায় স্কুলের এসএসসি ২০০৩ সালের শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী ও মানবসেবামূলক সংগঠন ‘ফাউন্ডেশন এ কে হাই স্কুল- ২০০৩ (এ কে এইচ-২০০৩) এই সহায়তা প্রদান করেন।

শিক্ষার্থীরা স্কুলের প্রধান শিক্ষক ফজলুল হক ও সহকারী প্রধান শিক্ষক ইসলামের হাতে নগদ অর্থ ও ঈদসামগ্রী তুলে দেন।

এ সময় প্রধান শিক্ষক ফজলুল হক বলেন, শিক্ষকদের জন্য প্রাক্তন ছাত্রছাত্রীদের এ ভালবাসা সত্যি আমাদের মুগ্ধ করেছে। স্কুলের গণ্ডি শেষ করেই তারা স্কুল ও শিক্ষকদের ভুলে যায়নি, দীর্ঘ ১৭ বছর পর দেশের ক্রান্তিকালে শিক্ষকদের পাশে দাঁড়িয়েছে। এতে এটা প্রমাণ হলো যে- শিক্ষকরা বোঝা নয়, শিক্ষার্থীদের মাথার মুকুট।

বিবেকের এই আলো সারাদেশে ছড়িয়ে পরবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, করোনা দুর্যোগে এরই মধ্যে প্রায় চার’শ অসহায় পরিবারকে খাদ্যসহায়তা করেছে ‘ফাউন্ডেশন এ কে হাই স্কুল- ২০০৩।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত