ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আবার বলেছেন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে সব সম্পর্কের শেষ টানতে চান। এবার ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীর দখলের ‘ষড়যন্ত্র’ করায় দেশ দুটিকে নিয়ে এমন ঘোষণা দিলেন তিনি।
মঙ্গলবার স্বদেশী নেতাদের সঙ্গে জরুরি বৈঠকের পর আব্বাস বলেন, ইসরায়েল-আমেরিকার সঙ্গে নিরাপত্তা চুক্তিসহ সব সব সম্পর্ক আজ থেকে শেষ করা হল।
আব্বাস গত ফেব্রুয়ারিতেও একই ধরনের কথা বলেছিলেন। কিন্তু তারপরও বেশ কিছু ক্ষেত্রে তিন দেশের সম্পর্ক ছিল এবং এখনো আছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আব্বাসের নতুন ঘোষণার বাস্তব অর্থ কী তা স্পষ্ট নয়।
২০১৭ সালের জুলাইয়ে এমন ঘোষণা আরও একবার দিয়েছিলেন আব্বাস। কিন্তু এর পরের বছরই আবার ইসরায়েলের সঙ্গে যোগাযোগ শুরু করে ফিলিস্তিন প্রশাসন। জেরুজালেমে আল আকসা কম্পাউন্ড নিয়ে ওই যোগাযোগ শুরু হয়।
ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীর (৫,৯৭০ বর্গ কিলোমিটার) এবং গাজা ভূখণ্ড (৩৬৫ বর্গ কিলোমিটার) হচ্ছে দুটি প্রধান ফিলিস্তিনি অধ্যুষিত এলাকা। এই দুই ফিলিস্তিনি ভূখণ্ডের সবচেয়ে নিকটবর্তী দুটি এলাকার মধ্যে দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার।
ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীরকে এই নামে ডাকা হয় কারণ এটি জর্ডান নদী এবং ডেড সির পশ্চিম তীরে। জেরুজালেম পর্যন্ত এর বিস্তার। যে নগরীকে ফিলিস্তিন এবং ইসরায়েল- উভয়েই তাদের রাজধানী বলে দাবি করে।
পশ্চিম তীর নিয়ন্ত্রণ করে ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষ।
