করোনাভাইরাসের অন্যতম হটস্পটে পরিণত হওয়া রাশিয়া ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এই ভাইরাসে রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। আর ৯ হাজার ছাড়ানো নতুন আক্রান্ত নিয়ে মোট আক্রান্ত ৩ লাখ ছাড়িয়েছে।
বুধবার রাশিয়া স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত একদিনে দেশটিতে কভিড-১৯ এ আক্রান্ত হয়ে ১৩৫ জনের মৃত্যু হয়েছে, যা চব্বিশ ঘণ্টার হিসেবে সর্বোচ্চ। তাতে মোট মৃত্যুর সংখ্যা ৩ হাজার ছুঁই ছুঁই, ২ হাজার ৯৭২ জন।
চব্বিশ ঘণ্টার হিসেবে আগের দিনের তুলনায় ৬৩৩ জন কমেছে রাশিয়ায়। এরপরও নতুন আক্রান্তের সংখ্যাটা ৯ হাজার ২৬২ জন। তাতে মোট আক্রান্ত দাঁড়াল ৩ লাখ ৮ হাজার ৭০৫ জন, যা দেশ হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ। পনেরো লাখ ছাড়ানো আক্রান্ত নিয়ে এই তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র।
আক্রান্তের তুলনায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, ইতালিসহ ইউরোপের অন্যান্য দেশের তুলনায় রাশিয়ায় মৃত্যু সংখ্যাটা অনেক কম। দেশটিতে মৃতের সংখ্যা নিয়ে প্রশ্ন আছে সমালোচকদেরও। তবে রুশ কর্মকর্তারা বলছে, অন্যান্য জটিলতা ব্যতীত যাদের মৃত্যু কেবল করোনাভাইরাসে হচ্ছে মৃত্যুর তালিকায় তাদেরকেই নেওয়া হয়েছে।
এ ছাড়া রুশ কর্তৃপক্ষের যুক্তি, করোনাভাইরাসের ধাক্কা রাশিয়ায় দেরি করে এসেছে। ফলে হাসপাতালগুলো প্রস্তুতসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে যথেষ্ট সময় পেয়েছে তারা।
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক মুখপাত্র, প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন, বেশ কয়েকজন মন্ত্রী এবং উচ্চপদস্থ বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা। এর মধ্যে প্রধানমন্ত্রী মিশুস্তিন সুস্থ হয়ে কাজে ফিরেছেন।
