করোনা মোকাবিলায় বিশেষজ্ঞ পাঠানোর প্রস্তাব দিয়ে হাসিনাকে শি’র ফোন

আপডেট : ২০ মে ২০২০, ১০:৫২ পিএম

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে করোনাভাইরাস (কভিড-১৯) পরিস্থিতি জানতে চেয়ে মহামারি মোকাবিলায় বিশেষজ্ঞ দল পাঠানোর প্রস্তাব দিয়েছেন।

বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে এ বিষয়ে কথা বলেন চীনের প্রেসিডেন্ট। প্রায় ২৫ মিনিটব্যাপী ফোনালাপে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত রাখারও আশ্বাস দেন শি জিনপিং। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন।

প্রেস সচিব বলেন, চীনের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আজ বিকেল ৫টার দিকে টেলিফোন করে বাংলাদেশের করোনাভাইরাস পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন। বাংলাদেশ সম্মত হলে করোনাভাইরাস প্রতিরোধে চীন বিশেষজ্ঞ দল পাঠাতে চায় বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট।

চীনের প্রেসিডেন্ট বলেন, আমরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে সহযোগিতা করতে সব সময় পাশে থাকব। বাংলাদেশের সাথে কৌশলগত অংশীদারত্বের সম্পর্ক জোরদারে চীন তার প্রচেষ্টা অব্যাহত রাখবে।

ইহসানুল করিম বলেন, বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি সম্পর্কে সমব্যথী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।

শেখ হাসিনা আন্তর্জাতিক বিশ্বকে কোভিড-১৯ মোকাবিলায় একযোগে কাজ করার আহ্বান পুনর্ব্যক্ত করেন। কোভিড-১৯ মোকাবিলায় উভয় দেশ পরস্পরকে চিকিৎসাসামগ্রী পাঠানোয় দুই নেতা একে অপরকে ধন্যবাদও জানান।

প্রেস সচিব বলেন, চীনের প্রেসিডেন্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চীন সফরের স্মৃতি চারণ করেন। বঙ্গবন্ধুর ওই সফর দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি স্থাপন করে জানিয়ে চীনা প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, আগামী দিনে এই সম্পর্ক আরও জোরালো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত