বাধার মুখে মহাখালীতে করোনা হাসপাতাল স্থাপন বন্ধ

আপডেট : ২১ মে ২০২০, ১২:১০ এএম

গার্মেন্টস মালিক ও শ্রমিকদের বাধায় মহাখালীতে সরকার অনুমোদিত বেসরকারি করোনা হাসপাতাল স্থাপন বন্ধ হয়ে গিয়েছে।

উল্লেখ্য, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় কিছু বেসরকারি হাসপাতালকে করোনা ভাইরাস পরীক্ষা এবং চিকিৎসার অনুমতি দিয়েছে সরকার।

জানা গেছে, করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের উচ্চ পর্যায়ের আহ্বান এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার প্রেক্ষিতে সাড়া দিয়ে বেসরকারি ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম অব্যাহত রেখে আইসিডিডিআরবি এর বিপরীতে হাজী শাহাবুদ্দিন ম্যানশনের নিজস্ব নার্সিং কলেজ ভবনে আই.সি.ইউ ও বেডসাইড ডায়ালাইসিস সুবিধা সহ ১৫০ শয্যার একটি স্বয়ংসম্পূর্ণ করোনা ভাইরাস হাসপাতাল প্রস্তুত করে।

ইউনিভার্সেলের করোনা হাসপাতাল চিকিৎসার জন্য প্রস্তুত হওয়ার পর এম ইউ ফ্যাশন ও ক্রিস্টাল এ্যাপারেলস নামের দুটি গার্মেন্টস কারখানা মালিক ও শ্রমিকরা আন্দোলন করে চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, দেশ ও জাতির এই ক্রান্তি লগ্নে সরকারের পাশাপাশি  বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে আমাদের মানব সেবার এই উদ্যোগকে সকলেই যেখানে স্বাগত জানাচ্ছে সেখানে কোভিড-১৯ ইউনিট স্থাপনের শেষে তাদের এ ধরনের নেতিবাচক তৎপরতার ফলে আমরা কিংকর্তব্যবিমূঢ়।

প্রসঙ্গত, ভবনটিতে কোভিড১৯ ইউনিটটি স্থাপিত হয়েছে এর ৮টি ফ্লোরের মধ্যে ৬টি ফ্লোরই হাসপাতাল কর্তৃপক্ষের। আর মাত্র ৩টি ফ্লোরে ২টি গার্মেন্টস কারখানা রয়েছে যারা সরকারের সংশ্লিষ্ট বিভাগের লাল তালিকাভুক্ত প্রতিষ্ঠান ঘোষিত হয়ে উক্ত ভবনে অবৈধভাবে অবস্থান করছে বলে জানা গেছে। শ্রম অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সর্বশেষ গত ডিসেম্বরের মধ্যে উক্ত ফ্লোর হতে কারখানা অপসারণের কথা থাকলেও তারা এখন অবধি অবৈধভাবে সেখান অবস্থান করছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত