সুপার সাইক্লোন আম্পানের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত সুন্দরবন উপকূলের সাড়ে ৩ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড।
শুক্রবার সকাল থেকে পর্যায়ক্রমে মোংলার জয়মনি, বাগেরহাটের শরণখোলা, খুলনার দাকোপের বানীশান্তা, নলিয়ান, সাতক্ষীরার কয়রা, গাবুরা ও কৈখালী এলাকার দুর্গতদের মাঝে ত্রাণ হিসেবে চাল, ডাল, তেল, আটা, চিনি, লবণ, সেমাই, দুধ, সুজি, পেয়াজ, রসুন ও সাবানসহ নানা খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
কোস্ট গার্ড পশ্চিম জোন’র (মোংলা) স্টাফ অফিসার (অপারেশন) লে. ইমতিয়াজ আলম বলেন, আম্পানে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ জেলেসহ সকল পেশাজীবী মানুষের সাহায্যার্থে এ খাদ্যসহায়তা দেয়া হচ্ছে।
এছাড়া কোস্টগার্ডের জাহাজ সিজিএস তামজিদ, অপরাজেয় বাংলা ও গড়াই উপকূলীয় এলাকায় উদ্ধার তৎপরতা ও চিকিৎসা সেবাসহ ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এদিকে টানা তিনদিন বন্ধ থাকার পর শুক্রবার সকাল থেকে মোংলা সমুদ্র বন্দরে পুরোদমে কার্যক্রম শুরু হয়েছে।
বন্দর জেটি ও পশুর চ্যানেলে অবস্থানরত ১১টি বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্যবোঝাই-খালাস ও পরিবহন কাজ করে স্থানীয় শিপিং এজেন্ট ও স্টিভিডরস কোম্পানি।
আম্পানের আঘাতে মোংলার ৩শ কাঁচা ঘরবাড়ী পুরোপুরি বিধ্বস্ত, সাড়ে ৯শ ঘরবাড়ী আংশিক ক্ষতিগ্রস্ত ও দেড় হাজার চিংড়ি ঘের প্লাবিত হয়েছে।
এছাড়া পশুর নদীর পাড়ের বিভিন্ন স্থানের বেড়িবাঁধ ভেঙে ক্ষতিতে পড়েছে কয়েক হাজার বাসিন্দা।
এদিকে মোংলায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ২৪শ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করছে উপজেলা প্রশাসন।
