করোনা পরিস্থিতির কারণে পবিত্র ঈদুল ফিতরেও কারাগারে বন্দিদের সঙ্গে তাদের স্বজনদের সাক্ষাৎ বন্ধ থাকছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আর চালু হচ্ছে না এই সাক্ষাৎ কার্যক্রম। গতকাল শুক্রবার কেন্দ্রীয় কারাগার সূত্র এ তথ্য জানায়। এর আগে করোনার সংক্রমণ ঠেকাতে দেশের সব ক’টি কারাগারে এই কার্যক্রম সীমিত করেছিল সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষ।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব আলম জানান, দেশে যখন থেকে করোনার প্রকোপ শুরু হয়েছে তখন থেকেই কারাগারে বন্দিদের সঙ্গে তাদের স্বজনদের সাক্ষাৎ বন্ধ রয়েছে। এমনকি কারা ফটকের সামনেও অনুমতি ছাড়া কাউকে আসতে দেওয়া হচ্ছে না। পরিস্থিতি ভালো হওয়ার আগ পর্যন্ত সাক্ষাৎ কার্যক্রম বন্ধই থাকবে।
কারা সূত্র জানায়, করোনার প্রকোপের শুরুতেই মার্চের শেষের দিকে সারা দেশের ৬৮ কারাগারে বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ সীমিত করে মাসে ১ দিন করা হয়েছিল। তবে এপ্রিলের শুরুতে সাক্ষাৎ বন্ধ করে দেওয়া হয়।
