পাকিস্তানের করাচিতে বিমান বিধ্বস্তের ব্যাপক হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন ওয়াসিম আকরাম, শোয়েব আখতার, সাঈদ আজমলসহ দেশটির অনেক ক্রিকেট তারকা।
লাহোর থেকে ছেড়ে আসা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস- পিআইএ’র একটি বিমান শুক্রবার দুপুরে করাচি বিমানবন্দরে অবতরণ করার সময় অল্প দূরের আবাসিক এলাকায় বিধ্বস্ত হলে ৯৯ যাত্রীর ৯৭ জনের মৃত্যু হয়, আহত হন দুজন।
বিমান বিধ্বস্তের ঘটনাটিতে জাতীয় ট্র্যাজেডি বলে উল্লেখ করেছেন পেস বোলিং কিংবদন্তি ওয়াসিম আকরাম- “এটা জাতীয় ট্র্যাজেডি। কল্পনাও করিনি এমন ঘটনার প্রত্যক্ষদর্শী হব। আমি ও আমার পরিবার দোয়া করছি।”
‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত সাবেক পেসার শোয়েব আখতার লিখেছেন, “দুর্ঘটনায় আমরা যাদের হারিয়েছি আল্লাহ যেন তাদের আত্মার মাগফিরাত দান করেন। উড়োজাহাজটি লাহোর থেকে করাচি যাচ্ছিল। অবতরণের ঠিক আগ মুহূর্তে বিধ্বস্ত হয়েছে।”
শোক সন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন স্পিনার সাঈদ আজমল, “করাচিতে পিআইএ’র বিমান দুর্ঘটনার খবর পেয়ে হতবাক হয়ে গেছি। নিহত যাত্রী ও ক্রুদের পরিবারকে জানাই সমবেদনা।”
শোক জানিয়ে টুইট করেছেন অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ- “শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা।”
