দেশে একদিনে রেকর্ড ১ হাজার ৮৭৩ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার মধ্য দিয়ে মোট আক্রান্ত ৩২ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে সাড়ে চারশো।
বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।
শনিবার পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৩২ হাজার ৭৮ জন। এর মধ্যে নতুন ২০ জনসহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫২ জন। চব্বিশ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৯৬ জন; মোট আরোগ্যের সংখ্যা ৬ হাজার ৪৮৬ জন।
দেশে কভিড-১৯ রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০.২২ শতাংশ; মৃত্যুর হার ১.৪১ শতাংশ।
দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে শুক্রবার দুপুরে এসব হালনাগাদ তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
হালনাগাদ তথ্যে দেখা যাচ্ছে, চট্টগ্রাম বিভাগে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগ থেকে বেড়েছে। চব্বিশ ঘণ্টায় মৃত্যুবরণ করা ২০ জনের মধ্যে আটজন চট্টগ্রামের; চারজন ঢাকার।
বাকিদের মধ্যে রংপুর বিভাগের দুজন, ময়মনসিংহ বিভাগের দুজন, রাজশাহী বিভাগের দুজন, সিলেট বিভাগের একজন এবং খুলনা বিভাগের একজন।
তাদের মধ্যে ১৬ জন পুরুষ, চারজন নারী।
