এ কেমন টেস্ট একাদশ নির্বাচন করলেন ব্র্যাড হগ! সাবেক অস্ট্রেলিয়ান স্পিনার তার নিজের চোখে সময়ের সেরা টেস্ট একাদশ বাছাই করেছেন। কিন্তু সেই একাদশে কিনা জায়গা হয়নি ভারতের রান মেশিন বিরাট কোহলির!
তিন ফরম্যাটেই কোহলি অনন্য। তাই যে কেউ এই সময়ের টেস্ট একাদশ নির্বাচন করলে তার নাম আসবেই। হগ এখানে পুরোপুরি ব্যতিক্রম। যা অনেককে অবাক করতেই পারে। যেমন অবাক করতে পারে রোহিত শর্মার থাকাটাও।
এই কিছুদিন আগেও টেস্টে নিয়মিত খেলার সুযোগ হতো না রোহিতের। অথচ তিনি সহ মোট ৪ ভারতীয় আছেন হগের একাদশে। নেই শুধু কোহলি। ওদিকে পাকিস্তানের বাবর আজমকে ঠিকই একাদশে রেখেছেন হগ।
রোহিত, মায়াঙ্ক আগরওয়াল, আজিঙ্কা রাহানে ও মোহাম্মদ শামি এই চার ভারতীয় রয়েছেন হগের দলে। রোহিত অবশ্য ভাগ্য জোরে তার একাদশে সুযোগ পেয়েছেন বলে জানান হগ।
আর কোহলিকে বাদ দেওয়া নিয়ে বলছেন ভারত অধিনায়কের সাম্প্রতিক ফর্মের কথা। বলেন, ‘সবাই জিজ্ঞেস করবে কোহলি কেন নেই দলে? কিন্তু আপনি যদি টেস্টে ওর সর্বশেষ ১৫ ইনিংস দেখেন, মাত্র চারবার ও ৩১-এর বেশি রান করেছে। সে কারণে কোহলি আমার এই বছরের টেস্ট দলে জায়গা পাবে না।’
বাবরকে একাদশে রাখা প্রসঙ্গে বলেন, ‘ও চারটা সেঞ্চুরি করেছে। কিন্তু যে কারণে আমি বাবর আজমকে একাদশে রেখেছি, সেটা হলো পাকিস্তানের অস্ট্রেলিয়া সফরের সময় ও ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করেছে। বাইরের খেলোয়াড়দের জন্য ওই উইকেটে ব্যাট করা কঠিন, কিন্তু ও দেখিয়েছে সেটা করতে পারে। ও সময়ের সেরাদের একজন।’
হগ তার একাদশে অধিনায়ক হিসেবে বাছাই করেছেন প্রোটিয়া উইকেটরক্ষক কুইন্টন ডি কককে। ভারতের মতো অস্ট্রেলিয়া থেকেই রেখেছেন চারজনকে- মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, প্যাট কামিন্স ও নাথান লায়ন। পাকিস্তান থেকে শুধু বাবর আজমই আছেন। নিউজিল্যান্ড থেকে রয়েছেন নিল ওয়াগনার।
বাংলাদেশ, শ্রীলঙ্কা বা ওয়েস্ট ইন্ডিজ থেকে কোনো খেলোয়াড় সুযোগ পাননি হগের একাদশে।
হগের টেস্ট একাদশ:
মায়াঙ্ক আগরওয়াল, রোহিত শর্মা, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, বাবর আজম, অজিঙ্কা রাহানে, কুইন্টন ডি কক (অধিনায়ক/ উইকেটকিপার), প্যাট কামিন্স, মোহাম্মদ শামি, নিল ওয়াগনার, নাথান লায়ন।
