বাবা ও সৎ মায়ের বিরুদ্ধে দুই শিশুকে হত্যার অভিযোগ

আপডেট : ২৩ মে ২০২০, ১০:৪৪ পিএম

স্বর্ণা আক্তার (১১) ও ফারিয়ার আক্তার (৫) নামে দুই শিশু সন্তানকে তাদের বাবা ও সৎ মা মিলে পানিতে চুবিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার নিহত দুই শিশুর মা সোনিয়া আক্তার বাদী হয়ে বাবা সুমন মিয়া ও সৎ মা রুনা আক্তারের বিরুদ্ধে মুরাদনগর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পরে পুলিশ রুনা আক্তারকে গ্রেপ্তার করে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, সুমন মিয়ার প্রথম স্ত্রী সোনিয়া আক্তারের দুই মেয়ে স্বর্ণা ও ফারিয়া। সুমন মিয়া দুই বছর আগে রুনা আক্তার নামের ওই নারীকে বিয়ে করেন। এ নিয়ে ঝগড়া বিবাদ লেগে থাকতো। শিশু দুটি তাদের আপন মায়ের সঙ্গে থাকত।

সোনিয়া আক্তারের অভিযোগ, শুক্রবার রাতে স্বর্ণা ও ফারিয়াকে তাদের বাবা সুমন মিয়া ও সৎ মা রুনা আক্তার পরিকল্পিতভাবে অপহরণ করে পানিতে চুবিয়ে হত্যা করে।

সুমন মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত