পঞ্চগড়ে নতুন করে আরও পাঁচজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এরা সবাই ঢাকা, গাজীপুর ও রংপুর থেকে ফেরত।
পঞ্চগড় সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা, গাজীপুর ও রংপুর থেকে বাড়িতে ফিরে আসার খবর পেয়ে তাদের কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর তাদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।
নতুন করোনা শনাক্তদের মধ্যে রয়েছেন, সদর উপজেলার এক নারী (৬৩) ও এক যুবক (২০), দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের সরকারপাড়া গ্রামের এক ব্যক্তি (৪০) ও তিস্তাপাড়া গ্রামের এক নারী (২০), বোদা উপজেলার বড়কামাত গ্রামের এক নারী (২৬)।
সিভিল সার্জন ডা. ফজলুর রহমান জানান, জেলায় এ পর্যন্ত ৩৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আটজন করোনামূক্ত হয়ে ছাড়পত্র পেয়েছেন। অন্য আক্রান্তদের বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
