ঈদ উপলক্ষে সাড়ে ৩ হাজার বন্দীকে ছেড়ে দিল ইরান

আপডেট : ২৪ মে ২০২০, ০৫:২৬ পিএম

ঈদুল ফিতর উপলক্ষে ইরানের বিভিন্ন কারাগারে সাজাপ্রাপ্ত ৩ হাজার ৭২১ জন বন্দীকে ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনি।

বছরের অন্যতম ধর্মীয় উৎসব উপলক্ষে দেশটির প্রধান বিচারপতি ইব্রাহিম বায়সির সুপারিশে এই নির্দেশনা দেন সর্বোচ্চ নেতা। এর আওতায় ছাড়া পেয়েছেন বেশ কয়েকজন রাজনৈতিক বন্দী, অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্দি। ছাড়া পেয়েছেন আন্তর্জাতিক শ্রম দিবসের সময় বিক্ষোভের সময় গ্রেপ্তার হওয়া অনেক শ্রমিক।

ইরানের সংবিধানের ১১০ বিধি মোতাবেক প্রধান বিচারকের সুপারিশ অনুযায়ী যে কারোর সাজা ক্ষমা করে দেওয়া বা কমিয়ে দেওয়ার অধিকার রয়েছে সর্বোচ্চ নেতার।

তবে সব ধরনের অপরাধ এই সাধারণ ক্ষমার আওতায় পড়বে না। যারা দেশের বিরুদ্ধে সশস্ত্র লড়াই, মাদক চোরাচালান, ধর্ষণ, সশস্ত্র ডাকাতি, পাচার, অপহরণ, ঘুষ এবং আত্মসাতের মতো অপরাধের জন্য সাজা পেয়েছেন তারা ক্ষমা করা হয়নি।

প্রতি বছরই ঈদুল ফিতর উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা ক্ষমা পাওয়ার যোগ্য বন্দীদের তালিকা গ্রহণ করা হয়। গেল বছর ৬৯১ বন্দীকে ক্ষমা করেছিলেন খামেনি।

দীর্ঘ একমাস রোজা ও ইবাদত বন্দেগির পর রবিবার ইরানে পালিত হয় ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে বিশ্বনেতাদের শুভেচ্ছা জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত