বিয়ের পরের প্রথম ঈদের পরিকল্পনা ভেস্তে গেছে সাবিলার

আপডেট : ২৪ মে ২০২০, ০৬:৪২ পিএম

করোনা দুর্যোগে ঘরেই কাটাতে হচ্ছে ঈদ। তারকাদের ঘরবন্দি ঈদের খবর নিয়েই দেশ রূপান্তরের ঈদ আয়োজন।

গত বছর বিয়ে করেছেন সাবিলা নূর। বিয়ের পর এটাই তার প্রথম ঈদ। কিছুটা মন খারাপ করেই সাবিলা জানালেন ঈদ পরিকল্পনার কথা। বলেন, ‘ঈদ ঢাকাতেই করছি। শ্বশুরবাড়িতে ঈদ করব। তেমন কোনো পরিকল্পনা নেই। অবশ্য বিয়ের পরের প্রথম ঈদ হিসেবে অনেক পরিকল্পনা ছিল। কিন্তু করোনার কারণে সব প্ল্যান ভেস্তে গেছে। কোনো শপিংও করা হয়নি। প্ল্যান একটাই বাসায় আছি, বাসায় থাকব। আর বাসায় থেকে পরিবারের সঙ্গে যতটা আনন্দঘন সময় কাটানো যায় ততটাই কাটাব।’

এদিকে ঘরবন্দি সময় কীভাবে কাটছে জানতে চাইলে তিনি বললেন, ‘রোজার সময়ে সাহরি খেয়ে ফজর নামাজ পড়ে ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে যায়। ঘুম থেকে উঠে দুপুরে নামাজ-কালাম পড়ে ইফতারের আগের সময়টা কিছুক্ষণ বিশ্রামে থাকি। নয়তো বই পড়া নয়তো টিভি দেখা হয়। ইফতারের পর মুভি দেখা হয়, সিরিজ দেখা হয়। এভাবেই সময় কেটে গেছে এত দিন।’

নতুন সংসারের শুরুতেই দীর্ঘ বিরতি পাওয়া আনন্দের হলেও সুযোগটা তেমন কাজে লাগাতে পারছেন না। বলছিলেন, ‘দীর্ঘ বিরতি পেয়েছি। এটা ভালো। সবাই ভাবছে নতুন সংসারে আমরা সময়টা খুব উপভোগ করছি। আসলে কিন্তু মোটেই তা নয়। আমি ফ্রি থাকলেও আমার বর কিন্তু ব্যস্ত। ও তো ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার, এ কারণে তাকে নিয়মিত অফিস করতে হয়। ফলে ওর শিডিউল আগের মতোই। তবে আমি বাসায় থাকায় ও যতক্ষণ থাকছে ততক্ষণ সময় কাটানো যাচ্ছে। ভালোই লাগছে। আর নিজেদের কাছে পেতে আসলে কোয়ারেন্টাইন লাগে না। ইচ্ছে থাকলে স্বাভাবিক সময়েও নিজেদের মতো করে সময় কাটানো যায়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত