আম্পানে ঢাকার আকাশে ভেসে এলো গভীর সমুদ্রের পাখি

আপডেট : ২৪ মে ২০২০, ০৯:৩৪ পিএম

ঢাকার লালমাটিয়ার ওপর দিয়ে উড়তে দেখা গেল গভীর সমুদ্রের পাখি। এছাড়া, রাজশাহীর পদ্মা নদীতেও গভীর সমুদ্রের ৪টি পাখি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ঝড় আম্পানের কারণে পাখিটি এই দিকে চলে এসেছে।

এগুলো গভীর সমুদ্রের পাখি ব্রিডলেড টার্ন (Bridled Tern) বলে নিশ্চিত করেছেন পাখি বিশেষজ্ঞ রেজা খান। Laridae পরিবারের এই পাখিটির বৈজ্ঞানিক নাম Onychoprion anaethetus. মাঝারী আকারের পাখিটির দৈর্ঘ্য ৩০-৩২ সে.মি.।

বাংলাদেশ বার্ড ক্লাবের সহসভাপতি সায়াম ইউ চৌধুরী জানান, গত ২১ ও ২২ মে রাজশাহীতে ৪টি ও ঢাকায় একটি সামুদ্রিক পাখি দেখা যায়। গত ২২ তারিখ প্রথম এই পাখিটি দেখা যায় রাজশাহীর পদ্মা নদীতে। পাখিপ্রেমী মঈনুল আহসান শামীম এই পাখির ছবি তোলেন। তিনি জানান, ব্রিডলেড টার্ন ছাড়াও ২১ ও ২২ মে তিনি সুটি টার্ন, উইলসন্স স্টর্ম পেট্রেল, ও লং টেইলড স্কুয়া পাখির ছবি তোলেন। এরপর অনেকেই ছবি তুলেছেন।

এছাড়াও শেঠ মিলার ২১ মে ঢাকায় লালমাটিয়ায় উড়ে যাবার সময় তোলেন Wedge-tailed Shearwater. এই পাঁচটি পাখি বাংলাদেশে নতুন রেকর্ড। এর আগে গভীর সমুদ্রের এই পাখিগুলোকে কখনও দেখা যায়নি বলে জানায় বাংলাদেশ বার্ড ক্লাব।

সায়াম ইউ. চৌধুরী আরও জানান, ব্রিডলেড টার্ন সামুদ্রিক পাখি। ঘূর্ণিঝড় আম্পানে এই পাখি সমতলভূমিতে চলে আসে। বিশেষ করে এটি রাজশাহী অঞ্চলের পদ্মানদীতে যেখান দিয়ে ঘূর্ণিঝড়টি যায়। রাজশাহী এবং চাঁপাইনবাগঞ্জ এলাকায় পাখিটি গত কয়েকদিন থেকে দেখতে পাওয়ার রেকর্ড পাওয়া গেছে। এই প্রজাতিটি গভীর সমুদ্রে ক্রান্তীয় ও উষ্ণমন্ডলীয় আবহাওয়ায় থাকে। আমাদের দেশের কাছাকাছি এদের দক্ষিণ ভারত ও শ্রীলংকায় প্রজননের সময় দেখা যায়। এটি শ্রীলংকার গভীর সমুদ্রের পাখি হিসেবে পরিচিত।

এই পাখিগুলো আবার গভীর সমুদ্রে ফিরে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত