এখনই রোগ নির্ণয়ের জন্য নয়, আপাতত কিট পরীক্ষার জন্য করোনার নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।
সোমবার গণস্বাস্থ্যের করোনা কিট প্রকল্প সমন্বয়কারী ডা. মুহিব উল্লাহ খোন্দকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান।
এতে বলা হয়, বিভিন্ন মিডিয়াতে গণস্বাস্থ্য কেন্দ্র তাদের জি আর কভিড-১৯ র্যাপিড ডট ব্লট কিটের পরীক্ষা শুরু করবে বলে যে খবর বেরিয়েছে তা সঠিকভাবে উল্লেখ করা হয়নি।
তাদের বক্তব্য হলো- গণস্বাস্থ্য কেন্দ্র বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি) অনুমোদিত জি আর কভিড-১৯ র্যাপিড ডট ব্লট কিটের অভ্যন্তরীণ গুণগত মান পরীক্ষার ক্লিনিক্যাল ট্রায়ালের অংশ হিসাবে মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে কভিড-১৯ এর লক্ষণ আছে এ রকম ৫০ জন রোগীর নিকট হতে বিএমআরসি অনুমোদিত নিয়মে আগে আসলে আগে নেওয়া হবে এই ভিত্তিতে লালা এবং রক্ত উভয় বা যে কোনো একটি নমুনা সংগ্রহ করা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই নমুনা সংগ্রহ গবেষণার অংশ, কোনো সেবা বা রোগ নির্ণয়ের অংশ নয়।
