জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম। পরে তার শারীরিক অবস্থা ভালো হলে আজ বুধবার বিকেলে তাকে বাসায় নিয়ে আসা হয়। তবে করোনাভাইরাস কোভিড-১৯ পজিটিভ কিনা, তার পরীক্ষা করা হচ্ছে বলে জানালেন সুজেয় শ্যামের মেয়ে লিজা।
প্রোস্টেট ক্যানসারের রোগী সুজেয় শ্যাম কয়েক দিন ধরেই অসুস্থ। জ্বর ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি। রক্তচাপও স্বাভাবিক ছিল না। মঙ্গলবার সন্ধ্যায় পরিস্থিতির অবনতি হলে তাকে দ্রুত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে ধারণা করেন, তিনি করোনা পজিটিভ হতে পারেন।
বুধবার বিকেলে সুজেয় শ্যামের মেয়ে লিজা দেশ রূপান্তরকে বলেন, ‘বার্ধক্যজনিত এবং আরও কিছু সমস্যায় তো অনেক দিন ধরেই তিনি চিকিৎসা প্রক্রিয়ার মধ্যে আছেন। দুই দিন ধরে শ্বাস কষ্ট দেখা দিয়েছে। যার জন্য ডাক্তার পরামর্শ দিয়েছেন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যোগাযোগ করতে। সেখান থেকে করোনা পরীক্ষার জন্য আজকে স্যাম্পল নিয়েছে, বলেছে দু-তিন দিন পর রিপোর্ট দেবে। বাবা এখন বাসাতেই আছেন এবং কিছুটা সুস্থ আছেন।'
লিজা শ্যাম বলেন, ‘যেহেতু বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল কোভিড-১৯ অথবা করোনা রোগীর জন্য বিশেষায়িত হাসপাতাল নয়, তাই চিকিৎসকেরা পরামর্শে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে করোনা পরীক্ষা করার জন্য স্যাম্পল নিয়েছে। শারীরিক অবস্থা কিছুটা ভালো হওয়ায় বাসায় নিয়ে এসেছি। এখন করোনা টেস্টের রেজাল্ট আসার পর নিশ্চিতভাবে জানা যাবে, বাবা করোনা আক্রান্ত কিনা।'
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গান এবং স্বাধীনতার প্রথম গানের সুরস্রষ্টা সুজেয় শ্যাম। ‘রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম’, ‘বিজয় নিশান উড়ছে ঐ’, ‘আয়রে মজুর কুলি’, ‘আহা ধন্য আমার জন্মভূমি’, ‘রক্ত চাই রক্ত চাই’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’সহ অসংখ্য গানের সুর স্রষ্টা তিনি।
