মসজিদের ইমাম রাখা না রাখা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১১

আপডেট : ২৭ মে ২০২০, ১০:২৩ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নন্দনকোনা পাড়াভোম গ্রামে মসজিদের ইমামকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১১ জন আহত হয়েছে।

বুধবার দুপুর ১ টার দিকে পাড়াভোম জামে মসজিদের ইমাম মাওলানা মোস্তফা কামালকে রাখা না রাখাকে কেন্দ্র করে ইউপি সদস্য বাচ্চু মিয়া ও মো. শহিদুল ইসলামের নেতৃত্বাধীন দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।

আহতদের মধ্যে রমজান হোসেন (৬০), আল ইসলাম (৪৮), নাহিদ শেখ (১৮), শাহ আলম (৩৫) ও জাহাঙ্গীর শেখকে (৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ ও এলাকাবাসী জানান, জোহর নামাজের আগ মুহূর্তে পাড়াভোম জামে মসজিদের ইমামকে মসজিদে রাখার পক্ষে অবস্থান নেন কোলা ইউনিয়ন পরিষদের সদস্য মো. বাচ্চু মিয়া। পক্ষান্তরে ইমামকে মসজিদে না রাখার পক্ষে অবস্থান নেন দক্ষিণ নন্দনকোনা গ্রামের মো. শহিদুল ইসলাম। এতে করে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ ব্যাপারে সিরাজদিখান থানার ওসি মো. ফরিদউদ্দিন বলেন, মসজিদের ইমামকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কোন পক্ষেরই অভিযোগ পাইনি। ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত