কুমিল্লা সদর দক্ষিণে রাজু হোসেন (১৭) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার বিকেলে নগরীর শাকতলাস্থ র্যাব অফিসের পেছনে ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত রাজু হোসেন ওই এলাকার আবুল হোসেনের ছেলে। রাতে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম খান।
স্থানীয় লোকজন ও নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি আরও জানান, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি বুধবার রাজুর সাথে ফুটবল খেলা নিয়ে স্থানীয় কয়েকজন যুবকের বিরোধের সৃষ্টি হয়।
ওই এলাকার রিফাত, দিপু, সানী, শরীফসহ ৮/১০ যুবক রাজুর সাথে বাকবিতণ্ডার একপর্যায়ে রাজুকে ছুরিকাঘাতে মারাত্মক আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ওই হত্যাকাণ্ডের নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও পুলিশ জানিয়েছে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়নি, পুলিশ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি।
