করোনায় বন্ধ হয়নি শালিকের জন্য সমর ঘোষের প্রাতঃরাশ আয়োজন

আপডেট : ২৮ মে ২০২০, ০৭:১৮ পিএম

করোনাভাইরাস মহামারির সংক্রমণ রোধে দোকান-পাট, হোটেল-রেস্তোরাঁ সব বন্ধ থাকায় ছিন্নমূল মানুষের পাশাপাশি চরম খাদ্য সংকটে পড়েছে পশুপাখিরাও। এ পরিস্থিতিতে প্রতিদিন প্রায় দুই হাজার পাখির খাবার যোগান দিচ্ছেন পাবনার মিষ্টি ব্যবসায়ী সমর ঘোষ।

অবশ্য, আগের সাধারণ পরিস্থিতিতেও প্রতিদিন সকালে পাবনা শহরের শ্যামল দই ভাণ্ডারে এক দশক ধরে মানুষের পাশাপাশি হাজার দুয়েক শালিকের জন্য প্রাতঃরাশের আয়োজন করেন দোকান মালিক সমর ঘোষ।

বর্তমানের বিশেষ পরিস্থিতির কারণে রেস্তোরাঁ বন্ধ থাকলেও নিয়ম করে সমরের অপেক্ষাতেই থাকে এই পাখিগুলো। পাখিগুলোকে হতাশ করেননি তিনি। তাই ঝুঁকি থাকলেও এই ঘরবন্দি দিনগুলোতে কেবলই শালিকের জন্য দোকান খুলছেন এই মিষ্টি ব্যবসায়ী।

তিনি বলেন, ২০১২ সাল থেকে এক দিনের জন্যও দোকানে বন্ধ হয়নি পাখিদের প্রাতঃরাশ আয়োজন। বন্ধের দিনগুলোর কথা ভেবে আগে থেকেই খাবার তৈরি করে রেখেছি।

শালিকের প্রতি সমরের এমন নিঃস্বার্থ ভালোবাসায় মুগ্ধ পরিবেশবিদরাও। পাবনার নেচার অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন কমিউনিটির সভাপতি সুপ্রতাপ চাকী বলেন, শালিকের প্রতি সমরের এমন নিঃস্বার্থ ভালোবাসা প্রকৃতি প্রেমিদের অনুপ্রেরণা জুগিয়েছে। পাখিরা প্রকৃতির সম্পদ। আমরা সবাই যদি সমরের মতো এগিয়ে আসি তাহলে প্রকৃতি থেকে হারিয়ে যাবে না কোনো প্রাণ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত